
শ্রীনগর, ১৩ এপ্রিল ( হি. ) : জম্মু-কাশ্মীর আবহাওয়া দফতর আগামী কয়েক দিন উপত্যকার আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে। তবে এই সপ্তাহের শেষে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চলে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। ১৬ এপ্রিল আকাশ মূলত পরিষ্কার থাকলেও, বিকেলের দিকে বা রাতে কোনও কোনও স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৭ এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তনের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশ মেঘলা থাকার পাশাপাশি জম্মু-কাশ্মীরের অনেক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি ১৭ ও ১৮ এপ্রিল কিছু স্থানে শিলাবৃষ্টি এবং ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এরপর ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আবহাওয়া পুনরায় শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া শুষ্ক থাকার সুযোগে কৃষকদের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তাঁদের ১৬ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কৃষিকাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৬ এপ্রিলের মধ্যে অনেক স্থানে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি