
হরিদ্বার, ১৩ এপ্রিল ( হি. স.) : দিল্লি থেকে হরিদ্বার আসার পথে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লো তীর্থযাত্রীদের একটি দল। প্রেমনগর আশ্রম সংলগ্ন উড়ালপুলের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একটি গাড়িতে থাকা সাতজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সমস্ত আহতদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ট্রাফিক পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সাধারণ মানুষের সহায়তায় পুলিশ কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে আহতদের বের করে স্থানীয় হাসপাতালে পাঠান। সেখান থেকেই পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন নীলম (৩৯), জয়প্রকাশ (৫৫), কিশোর (৪৭), বিনোদ কুমার (৪০), সর্বেশ (৫৫), সত্য প্রকাশ (৬০) এবং রাজবাহাদুর (৫৮)। আহতরা প্রত্যেকেই দিল্লির তুঘলকাবাদ এলাকার বাসিন্দা। জানা গেছে, তাঁরা হরিদ্বারের কনখল এলাকায় আয়োজিত একটি ভাগবত কথায় যোগ দিতে যাচ্ছিলেন।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি