আগরতলায় কাটাখাল থেকে অজ্ঞাত যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার
আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় কাটাখাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ইন্দ্রনগর ব্রিজ ও রাধানগর ব্রিজের মাঝামাঝি এলাকায়, ওয়াটার সাপ্লাই অফিসের পেছনে। স্থানীয়
মৃতদেহ উদ্ধার


আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় কাটাখাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ইন্দ্রনগর ব্রিজ ও রাধানগর ব্রিজের মাঝামাঝি এলাকায়, ওয়াটার সাপ্লাই অফিসের পেছনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এলাকার বাসিন্দারা কাটাখালে উপুড় হয়ে পড়ে থাকা একটি মৃতদেহ দেখতে পান। দেহটি ফুলে ওঠা ও পচন ধরায় স্পষ্ট হয় যে, মৃত্যুর ঘটনা কয়েকদিন আগের। সঙ্গে সঙ্গে বিষয়টি পূর্ব আগরতলা থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

পুলিশের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ দলও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে খালের জলস্তর বেড়ে যাওয়ায় মৃতদেহটি আগে চোখে পড়েনি। পরে জল কমে যাওয়ায় মৃতদেহটি দৃশ্যমান হয়।

পূর্ব আগরতলা থানার জনৈক পুলিশ আধিকারিক জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃত যুবকের পরিচয় শনাক্ত করতে তাঁর ছবি বিভিন্ন থানায় পাঠানো হবে এবং সাম্প্রতিক সময়ে কোনও নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande