
বাঁকুড়া, ১৩ এপ্রিল ( হি. স.) : মঙ্গলবার, ১৪ এপ্রিল থেকে বাঁকুড়া জেলায় শুরু হচ্ছে হোম ভোটিং প্রক্রিয়া বা ঘরে বসে ভোটদান। আগামী ১৬ এপ্রিলের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হবে। সোমবার জেলাশাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই খবর জানান জেলাশাসক অনীশ দাশগুপ্ত, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এবং ডিস্ট্রিক্ট ফোর্সের কো-অর্ডিনেটর সুধাংশু কুমার।
মূলত ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ভোটারদের সুবিধার্থেই নির্বাচন কমিশনের এই ‘হোম ভোটিং’ ব্যবস্থা। জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক জানান, আসন্ন নির্বাচনকে ভয়মুক্ত, ছাপ্পামুক্ত ও ঝামেলামুক্ত করতে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলা প্রশাসন সম্পূর্ণ তৎপর।
এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নির্বাচন কমিশনের ছয় দফার নতুন নির্দেশিকা অনুযায়ী—ভয়মুক্ত পরিবেশে ভোটদান, ছাপ্পা রোধ, প্রলোভন দেখিয়ে ভোট কেনা বন্ধ করা এবং ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর মতো বিষয়গুলিকে ১০০ শতাংশ কার্যকর করতে বিশেষ নজরদারি চালানো হবে। পাশাপাশি এসএসটি (SST) নাকা চেকিংয়ের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলাশাসক ও পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, গোটা জেলায় কড়া নজরদারি চালানো হবে এবং নির্বাচনে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট