বক্সনগরে বোমা হামলার অভিযোগে উত্তেজনা, পথ অবরোধে নাজেহাল জনজীবন
বক্সনগর (ত্রিপুরা), ১৩ এপ্রিল (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের অন্তর্গত ভেলুয়ারচড় এলাকায় টিটিএএডিসি ভোটকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। রবিবার ভোটগ্রহণ চলাকালীন একটি বুথকে লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ ঘিরে সোমবার সকাল থেকে রাস্তায় ন
সড়ক অবরোধ


বক্সনগর (ত্রিপুরা), ১৩ এপ্রিল (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের অন্তর্গত ভেলুয়ারচড় এলাকায় টিটিএএডিসি ভোটকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। রবিবার ভোটগ্রহণ চলাকালীন একটি বুথকে লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ ঘিরে সোমবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দয়ালপাড়া এলাকার নিকটবর্তী একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন আচমকাই বিস্ফোরণের শব্দ শোনা যায়। অভিযোগ, ওই বুথকে লক্ষ্য করেই বোমা নিক্ষেপ করা হয়। হঠাৎ এই ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভোটকেন্দ্র ছেড়ে চলে যান।

এই ঘটনার প্রতিবাদেই সোমবার সকাল থেকে বক্সনগর-বিশালগড় প্রধান সড়কের ভেলুয়ারচড় অংশে অবরোধ শুরু করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অবরোধকারীরা দাবি তোলেন, স্থানীয় বিধায়ক এবং মণ্ডলের সাধারণ সম্পাদিকা মহামায়া দেববর্মা ঘটনাস্থলে এসে ঘটনার সঠিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, জনপ্রতিনিধিরা উপস্থিত না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।

অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। এর জেরে নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ যানজটে আটকে পড়ে অসংখ্য যানবাহন, ফলে এলাকাজুড়ে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে অভিযোগ উঠেছে। অবরোধকারীরা অনড় অবস্থানে থাকায় পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপরতা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

ভোটের দিন বোমা হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। অভিযোগের সত্যতা কতটা, এবং প্রশাসন কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারে—সেদিকেই এখন নজর সাধারণ মানুষের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande