
আরামবাগ, ১৪ এপ্রিল (হি.স): আরামবাগে প্রচারের ফাঁকে মঙ্গলবার গাজনের উচ্ছ্বাসে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই লোকসংস্কৃতির আবহে মিশে গেলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। মঙ্গলবার সকালে তিরোল অঞ্চলের মইগ্রাম এলাকায় প্রচারে গিয়ে তিনি অংশ নিলেন ঐতিহ্যবাহী গাজন উৎসবে।
স্থানীয় ভক্তদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গাজনের তালে তালে নাচতে দেখা যায় প্রার্থীকে। ঢাকের বাদ্যি, শিবের গান এবং ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিতা বাগও সেই আবহে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে দেন, যা উপস্থিত গ্রামবাসীদের মধ্যে বাড়তি উৎসাহের সঞ্চার করে।
মিতা বাগ বলেন, গাজন শুধু একটি উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকতে তিনি সবসময়ই আগ্রহী।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, প্রার্থীকে এভাবে নিজেদের উৎসবে সামিল হতে দেখে তারা খুশি। এতে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব অনেকটাই কমে আসে বলেও মত তাদের।
নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ যে তৃণমূল প্রার্থীর প্রচারে বাড়তি মাত্রা যোগ করছে, তা বলাই বাহুল্য।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA