
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): বিজেপি যেমন তালিকা তৈরি করছে, রাজ্য প্রশাসনও একইভাবে 'বেঙ্গল ক্যাডার'-এর আধিকারিকদের তালিকা তৈরি রাখছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
নির্বাচন কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তার সূত্র ধরে ঝাড়খণ্ড ও নেপাল সীমান্ত দিয়ে বাংলায় টাকা ঢোকার অভিযোগ তুলে তিনি মঙ্গলবার প্রশ্ন তোলেন, বিজেপি শাসিত রাজ্যে কেন টাকা আটকানো হচ্ছে না?
তিনি বলেন আপনারা ভাবছেন বিজেপির কথা শুনে চললে পার পেয়ে যাবেন। অনেকের ২০২৬ সালে অবসর, তাই হয়ত পরোয়া করছেন না। কিন্তু যাঁদের চাকরি ২০২৯ সালের পরেও আছে, তাঁরা সাবধান হোন।
তাঁর দাবি, রাজ্য 'প্রশাসনও তালিকা তৈরি রাখছে'। বিজেপি মাঝেমধ্যেই ‘তালিকা’ করার কথা বলে থাকে। এদিন সেই একই সুরে পাল্টা হুঁশিয়ারি দেন ব্রাত্য বসু। তিনি বলেন, বিজেপি যেমন তালিকা করছে, রাজ্য প্রশাসনও একইভাবে তালিকা তৈরি করে রাখছে। কোন কোন ‘বেঙ্গল ক্যাডার’-এর আধিকারিক বিজেপির নির্দেশ মেনে কাজ করছেন, তার ওপর কড়া নজর রাখা হচ্ছে।
মন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহশীল এবং ক্ষমাপ্রবণ মানুষ। কিন্তু সেই ভালোবাসাকে কেউ যেন দুর্বলতা হিসেবে না দেখেন। প্রশাসনের কর্তারা যেন নিরপেক্ষভাবে কাজ করেন, সেই বার্তাই এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত