
মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.) : মহারাষ্টের মুম্বইয়ের গোরেগাঁও (পূর্ব) এলাকায় অবস্থিত নেসকো সেন্টারে সঙ্গীতানুষ্ঠানে অতিরিক্ত মাদক সেবনের ঘটনায় গ্রেফতার ছয় অভিযুক্ত। মঙ্গলবার অভিযুক্তদেরকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল মালাড ম্যাজিস্ট্রেট আদালত।
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ এপ্রিল অনুষ্ঠিত ওই সঙ্গীতানুষ্ঠানে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন, যার মধ্যে বহু পড়ুয়াও ছিলেন। অভিযোগ, ওই অনুষ্ঠানে মাদক সরবরাহ করা হয় এবং অতিরিক্ত সেবনের ফলে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় দুই ছাত্রকে ট্রমা সেন্টার হাসপাতালে এবং আরও এক জনকে লাইফলাইন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সোমবার দু’জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর ভানরাই থানার পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে এবং সোমবার রাতে আকাশ সামাল, সানি জৈন, বালকৃষ্ণ কুরুপ, আনন্দ প্যাটেল, প্রতীক পান্ডে এবং রৌনক খান্ডেলওয়ালকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৬ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদক কোথা থেকে এল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য