অমিত শাহের রোড শোর পর দুর্গাপুরে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ, উত্তেজনা এলাকায়
দুর্গাপুর, ১৪ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -এর রোড শো থেকে ফেরার পরই দুর্গাপুরে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার রাতে দুর্গাপুর পশ্চিম বিধানসভার শ্রমিক নগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্ত
অমিত শাহের রোড শোর পর দুর্গাপুরে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ, উত্তেজনা এলাকায়


দুর্গাপুর, ১৪ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -এর রোড শো থেকে ফেরার পরই দুর্গাপুরে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার রাতে দুর্গাপুর পশ্চিম বিধানসভার শ্রমিক নগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত বিজেপি কর্মী রবি দাস বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ অনুযায়ী, সোমবার নীল পুজো উপলক্ষে শ্রমিক নগরের একটি শিবমন্দিরে পুজো চলছিল। একই সময়ে এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল। অভিযোগ, সেই সময় মন্দিরের মাইক কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বলা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবি দাস সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যা ভাইরাল হয়।

রবি দাস, যিনি দুর্গাপুর পশ্চিমের বিজেপির ৩ নম্বর মণ্ডলের সম্পাদক, দাবি করেন—রাতে অমিত শাহ -এর রোড শো থেকে বাড়ি ফেরার পর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয়। রড ও বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়, মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে হুঁশিয়ারি দেন, “যে খেলা খেলছেন, তার চারগুণ মূল্য দিতে হবে।”

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্ত সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “অহেতুকভাবে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির আগুন জ্বালানো সহজ, কিন্তু তা নেভানো কঠিন।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় থাকায় হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande