হলদিয়ায় মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ভোট বয়কটের ডাক, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ সুতাহাটায়
​হলদিয়া, ১৪ এপ্রিল (হি. স.): জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মাঝেই শিল্প শহর হলদিয়ায় সুর চড়ল ভোট বয়কটের। বেহাল রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুতাহাটা এলাকার বাসি
হলদিয়াতে


​হলদিয়া, ১৪ এপ্রিল (হি. স.): জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মাঝেই শিল্প শহর হলদিয়ায় সুর চড়ল ভোট বয়কটের। বেহাল রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুতাহাটা এলাকার বাসিন্দাদের একাংশ ২০২৬-এর নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার অবস্থা শোচনীয়। বর্ষা এলেই পথঘাট কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জল পেরিয়েই স্কুলপড়ুয়াদের যাতায়াত করতে হয়। পাশাপাশি, সন্ধ্যার পর পথবাতি না থাকায় এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রায় ৩০টি পরিবারের বসবাসকারী এই এলাকায় নাগরিক পরিষেবা তলানিতে বলে অভিযোগ।​এলাকার বাসিন্দা চন্দন মণ্ডলের ক্ষোভ, ‘‘ভোটের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও পরে আর তাঁদের দেখা মেলে না। তাই এবার আমরা একযোগে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।’’ আরেক বাসিন্দা সঞ্জিতা মাইতি জানান, চারিদিকে উন্নয়নের কথা বলা হলেও তাঁদের এলাকায় কিছুই হয়নি। বর্ষায় এক কোমর জল পেরিয়ে চলতে হয়। রাস্তা সংস্কার না হলে তাঁরা সিদ্ধান্তে অনড় থাকবেন।​এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আরিফ হোসেনের দাবি, ২০১৬ সালের পর থেকে এলাকায় তৃণমূলের বিধায়ক না থাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। তৃণমূল ক্ষমতায় এলে দ্রুত সমস্যার সমাধান হবে। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি। তাঁর দাবি, রাজ্য সরকার দীর্ঘ সময় হলদিয়া পৌরসভার নির্বাচন না করায় ২৯টি ওয়ার্ডেই পরিষেবা বন্ধ হয়ে আছে। বিজেপি ক্ষমতায় এলে দ্রুত নির্বাচন করে পরিষেবা স্বাভাবিক করা হবে।​প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আশ্বাস না পাওয়ায় বাসিন্দারা তাঁদের বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। নির্বাচনের মুখে শিল্প শহরের এই পরিস্থিতি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande