
হাওড়া, ১৪ এপ্রিল, (হি.স.): “বটবৃক্ষ ছায়া দেয়। আর এরা বিষবৃক্ষ। সর্বক্ষণ বিষ ছড়াচ্ছে। চোখগুলো দেখলেই ভয় লাগে।” মঙ্গলবার জগৎবল্লভপুরের সভায় এই ভাষায় বিজেপি-কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, সরকার চাকরি দিতে চাইলে সিপিএম এবং বিজেপির কয়েক জন কোর্টে চলে যায় আর মামলা করে। এই সূত্রেই তিনি বলেন, “আগে যারা সিপিএম করত, এখন তারাই বিজেপি।” মুখ্যমন্ত্রী বলেন, “আপনার নাম কেটে বহিরাগতেরা ভোট দিতে এলে ছেড়ে দেবেন? ভাল করে কান মুলে দেবেন। আর বিজেপি নেতাদের এমন শিক্ষা দেবেন, যাতে তাঁরা আর কখনও বাংলাকে চ্যালেঞ্জ করতে না-পারে।”
“কেন্দ্রীয় বাহিনী আর এজেন্সি দিয়ে ভোট করানোর ছক”— এই অভিযোগ তুলে মমতা
বলেন, “বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। এজেন্সি ভোট করাবে। আর কেন্দ্রীয় বাহিনী ভোটার তাড়িয়ে ছাপ্পা দেবে। তৃণমূলের এক জনকে গ্রেফতার করলে হাজার জন বেরোবে।”
হাওড়ার জগৎবল্লভপুরে সভা করেন মুখ্যমন্ত্রী। জগৎবল্লভপুর এবং ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের জন্য এই সভার আয়োজন করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত