
হাওড়া, ১৪ এপ্রিল (হি. স.): আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটারদের মনে আত্মবিশ্বাস জাগাতে এবং স্বচ্ছ ভোট প্রক্রিয়া সুনিশ্চিত করতে খোদ ময়দানে নামলেন হাওড়া জেলার প্রশাসনের শীর্ষ দুই আধিকারিক। মঙ্গলবার জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকা পরিদর্শনে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন জেলাশাসক দীপ প্রিয়া এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ চতুর্বেদী।
জেলা প্রশাসন সূত্রে খবর, ভোটকে কেন্দ্র করে কোনও এলাকায় কোনও ধরনের ভয়ভীতি বা চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। এদিন বিভিন্ন মহল্লায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ ও উদ্বেগের কথা শোনেন দুই শীর্ষ কর্তা।
বিশেষ করে রাতের অন্ধকারে কোনও অসাধু ব্যক্তি বা গোষ্ঠী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে কি না, কিংবা কোথাও কোনও অশান্তির ছক কষা হচ্ছে কি না—সেদিকে বাড়তি নজর দিচ্ছে প্রশাসন। বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা নিয়ে পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে জেলাশাসক ও পুলিশ কমিশনার দু’জনেই সংবাদমাধ্যমকে জানান যে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। যে কোনও ধরনের অনিয়ম বা ভীতি প্রদর্শনের অভিযোগ পেলেই পুলিশ ও প্রশাসন দ্রুত কড়া পদক্ষেপ করবে। প্রশাসনের এই সক্রিয় ভূমিকার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। ভোটের আগে এমন নিশ্ছিদ্র নজরদারি ও আধিকারিকদের প্রত্যক্ষ উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত