
হুগলি , ১৪ এপ্রিল (হি.স.) : চৈত্র সংক্রান্তিকে ঘিরে আরামবাগ মহকুমার খানাকুলের রত্নাবলী সতী পীঠে মহা ধুমধামের সঙ্গে পালিত হল গাজন উৎসব। কয়েক হাজার ভক্তের সমাগমে পীঠচত্বর কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তরা দলে দলে মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন। শিবভক্তদের গাজন পালনের নানা আচার-অনুষ্ঠান, সন্ন্যাসীদের ব্রত, শোভাযাত্রা, ঢাকের বাদ্য ও ভক্তিমূলক গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মানত পূরণে অনেক ভক্তকেই শারীরিক কষ্ট সহ্য করে ব্রত পালন করতে দেখা যায়।
মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য পানীয় জল, প্রাথমিক চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন ছিল পুলিশ। স্থানীয়দের মতে, রত্নাবলী সতী পীঠের গাজন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরই এই উৎসবকে ঘিরে মানুষের উৎসাহ বাড়ছে। ভক্তি, আস্থা ও ঐতিহ্যের মেলবন্ধনে এ বছরের গাজন উৎসবও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA