
হুগলি, ১৪ এপ্রিল (হি.স.): খানাকুলে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী পলাশ রায়ের সমর্থনে মঙ্গলবার বর্ণাঢ্য রোড শোতে অংশ নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য রঙ্গ এলাকা থেকে শুরু হয়ে কামারসাল পর্যন্ত বিস্তৃত এই রোড শোতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের পতাকা হাতে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষ প্রার্থী ও সাংসদকে অভ্যর্থনা জানান। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
রোড শো চলাকালীন কোয়েল মল্লিক সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা তুলে ধরে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যে চলমান উন্নয়নের ধারাকে বজায় রাখতে দলকে জয়ী করা প্রয়োজন।
অন্যদিকে, প্রার্থী পলাশ রায় জানান, মানুষের বিপুল সাড়া তিনি পাচ্ছেন এবং এই রোড শো সেই সমর্থনেরই প্রতিফলন। আসন্ন নির্বাচনে জয় নিয়ে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।
সব মিলিয়ে, খানাকুলে তৃণমূলের এই রোড শো ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA