মণিপুরের পাঁচ জেলায় আরও দুদিনের জন্য বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা
ইমফল, ১৪ এপ্রিল (হি.স.) : ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভুয়ো খবর ছড়ানোর আশঙ্কা’য় রাজ্যের পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা, এমন-কি ভিপিএন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও দুদিনের জন্য বাড়িয়েছে মণিপুর সরকার। সরকারি আদেশে বলা হয়েছে, টেলিকম
ইন্টারনেট পরিষেবা_প্রতিনিধিত্বমূলক চিত্র


ইমফল, ১৪ এপ্রিল (হি.স.) : ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভুয়ো খবর ছড়ানোর আশঙ্কা’য় রাজ্যের পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা, এমন-কি ভিপিএন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও দুদিনের জন্য বাড়িয়েছে মণিপুর সরকার।

সরকারি আদেশে বলা হয়েছে, টেলিকম পরিষেবা সাময়িক স্থগিতকরণ বিধি, ২০২৪-এর ৩ নম্বর ধারা বলে ১৪ এপ্রিল ২০২৬ বিকাল ২-টা থেকে ইমফল পশ্চিম, ইমফল পূর্ব, থউবাল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বর্তমানে নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্ৰসঙ্গত, গত ৭ এপ্রিল (২০২৬) বিকাল ২-টা থেকে তিন দিনের জন্য এই পাঁচ জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। উত্তেজনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ৮ এপ্রিল থেকে ব্রডব্যান্ড পরিষেবা, যেমন লিজড লাইন (আইএলএল) এবং ফাইবার-টু-দ্য-হোম (এফটিটিএইচ) শর্তসাপেক্ষে এবং ধাপে ধাপে পুনরায় চালু করা হয়।

সর্বশেষ নির্দেশে সরকার জানিয়েছে, মোবাইল ডেটা পরিষেবা নিয়ন্ত্রণের বর্তমান ব্যবস্থাগুলি যথেষ্ট কার্যকর নয়, তাই এই নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়া প্রয়োজন। প্রশাসনের আশঙ্কা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্ৰাম এবং এক্স-এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো খবর ও গুজব ছড়ানো হতে পারে।

নির্দেশে আরও বলা হয়েছে, এ ধরনের সিস্টেম ব্যবহার করে বিক্ষোভ বা সমাবেশ সংগঠিত করা হতে পারে, যা সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতির কারণ হতে পারে। এছাড়া, বাল্ক মেসেজিং পরিষেবার অপব্যবহার করে উত্তেজনা বাড়ানোর আশঙ্কাও রয়েছে।

সরকার জানিয়েছে, জনসচেতনতার জন্য এই নির্দেশ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে প্রযোজ্য আইনের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande