
চাঁচল, ১৪ এপ্রিল (হি.স.): মালদার চাঁচল কলম বাগানে রাহুল গান্ধীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে একঝলক দেখতে মানুষের ঢল নামে সভাস্থলে।কিন্তু সেই জনজোয়ার সামলাতে হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের।
মালদা ১২টি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এদিন চাঁচলের কলম বাগানে পৌঁছানোর কথা ছিল রাহুল গান্ধীর। তাঁর আগমনের বহু আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশৃঙ্খলা চরমে ওঠে যখন মহিলাদের জন্য সংরক্ষিত বসার জায়গায় হুড়মুড়িয়ে পুরুষরা ঢুকে পড়ে। সংরক্ষিত এলাকায় পুরুষদের অবাধ প্রবেশের ফলে সভায় আসা মহিলারা চরম নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। ভিড়ের চাপে অনেক মহিলাকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায়। ব্যাপক জনজোয়ারের চাপে সভার শৃঙ্খলা বজায় রাখা পুলিশের পক্ষেও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভিড় সামাল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও দলীয় স্বেচ্ছাসেবীরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি