
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : মোথাবাড়িতে হুমকি দিয়ে এলাকার বেশ কয়েকজন বিএলও-কেও আনা হয়েছিল বিক্ষোভের জন্য। মঙ্গলবার আদালতে চাঞ্চল্যকর দাবি করল এনআইএ।
কলকাতায় বিশেষ এনআইএ আদালতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দাবি করেছে, 'পরিকল্পনা করেই বিডিও অফিস থেকে বেরনোর রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। ঘটনার দিন রাত ১১.৩০টার পর বাহিনী-সহ পুলিশ যায় বিচারকদের বের করতে। বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য আনা হয়েছিল কয়েকজন ‘ডিলিটেড ভোটার’কে। তাঁদের নিয়ে আসে আইএসএফ পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি।'
এই সঙ্গে এনআইএ-র দাবি, 'বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থেকে বেরনোর পথ আটকান ধৃত কংগ্রেস কর্মী আসিফ শেখ। কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীর নেতৃত্বে একটি দলও বিক্ষোভে যোগ দিয়েছিল।'
গত ১ এপ্রিল মালদার মোথাবাড়ি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বুধবার রাতে এসআইআর-এর কাজে যুক্ত তিন মহিলা-সহ সাতজন বিচারককে কয়েক ঘণ্টা ধরে ঘেরাও করে রাখা হয়। প্রথমে কালিয়াচক-2 ব্লক অফিসে কর্মরত সাত বিচারককে রাত সাড়ে ১১টা পর্যন্ত আটকে রাখা হয়। পরে বিচারকদের ব্লক অফিস থেকে বের করে আনার সময় তাঁদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে ।
প্রসঙ্গত, মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় এখনও অবধি ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে তৃণমূল-আইএসএফ সমর্থক রয়েছে। রয়েছে কংগ্রেসের নেতাও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত