নববর্ষের আবহে উৎসবমুখর দেশ; দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ ও স্বরাষ্ট্রমন্ত্রী
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি. স.) : বৈশাখী, বিহু, বিশু এবং পহেলা বৈশাখ— একাধিক উৎসবের আবহে মঙ্গলবার নতুন বছরকে স্বাগত জানাল গোটা দেশ। এই শুভ ক্ষণে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্
নববর্ষের আবহে উৎসবমুখর দেশ


নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি. স.) : বৈশাখী, বিহু, বিশু এবং পহেলা বৈশাখ— একাধিক উৎসবের আবহে মঙ্গলবার নতুন বছরকে স্বাগত জানাল গোটা দেশ। এই শুভ ক্ষণে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে এক বার্তায় দেশবাসীকে বৈশাখী, বিষু, বোহাগ বিহু, পহেলা বৈশাখ এবং পুথান্ডু উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, “এই উৎসবগুলি ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনার প্রতিফলন ঘটায় এবং আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। এই আনন্দময় মুহূর্ত প্রতিটি ঘরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওড়িশার নববর্ষ ‘পানা সংক্রান্তি’ উপলক্ষে জগন্নাথ দেবের আশীর্বাদ প্রার্থনা করে বলেন, “এই উৎসব আমাদের সংস্কৃতির বন্ধনকে আরও গভীর করুক এবং সামাজিক সংহতি বৃদ্ধি করুক।” কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি এবং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও দেশবাসীর সুখ ও সুস্বাস্থ্য কামনা করে বার্তা দিয়েছেন।

কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর বার্তায় বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষের এই উৎসবগুলি নতুন আশা ও ইতিবাচকতার প্রতীক। এই উৎসব সকলের মধ্যে সম্প্রীতির বন্ধনকে মজবুত করুক।” লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশবাসীর জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠার কামনা করেছেন।

গোটা দেশ জুড়ে যখন বিভিন্ন আঞ্চলিক নামে নববর্ষ উদযাপিত হচ্ছে, তখন জাতীয় স্তরের এই শুভেচ্ছা বার্তাগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও অখণ্ডতাকেই তুলে ধরল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande