
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে ভোট। কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলায় চলছে জোর ভোটের প্রচার। ভোট উপলক্ষ্যে এবার বিপুল সংখ্যায় বাস, পুলকার, স্কুল বাস তুলে নেওয়া হচ্ছে। আগামী ২৭ তারিখ থেকেই সেসব গাড়ি তুলে নিচ্ছে নির্বাচন কমিশন। পুলকার, স্কুল বাস না থাকলে পড়ুয়ারা কীভাবে স্কুলে আসবে? সেই আশঙ্কায় পড়ুয়াদের কথা ভেবে অনেক ইংরাজি মাধ্যম স্কুলই ভোটের ওই ক’দিন অনলাইন ক্লাসের কথা ভাবছে।
পড়ুয়াদের কথা ভেবেই অনেক স্কুল মাসের শেষ ক’টা দিন অনলাইন ক্লাসের ভাবনাচিন্তা করছে। সূত্রের খবর, ভোটের দিন কিছু স্কুল বন্ধ রাখার ভাবনাও করছে। নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের প্রিন্সিপাল অম্বিকা মেহরা জানিয়েছেন, ২৭ থেকে ৩০ তারিখ অনলাইনে ক্লাস হবে। ২৯ তারিখ ভোটের দিন ছুটি থাকছে। সাউথ পয়েন্ট স্কুলের আটটি বাস ২৫ তারিখ থেকে কমিশন নেবে বলে খবর। কীভাবে ক্লাস হবে, ভাবনাচিন্তা চলছে।
শ্রী শ্রী অ্যাকাডেমির প্রিন্সিপাল গার্গী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্কুলে পোলিং বুথ হবে। সেজন্য ২৮ তারিখ দুপুর থেকেই স্কুল কমিশনের আওতায় চলে যাবে। অনেকের আশঙ্কা, রাস্তাঘাটে বেরিয়ে নাকাল হতে পারেন অসংখ্য সাধারণ মানুষ। কড়া নিরাপত্তায় মুড়ে এবার বাংলায় ভোট করাতে বদ্ধপরিকর কমিশন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত