
গুজরাট, ১৪ এপ্রিল (হি. স.) : “সামগ্রিক শিক্ষা সামাজিক সম্প্রীতির চেতনাকে শক্তিশালী করে”। মঙ্গলবার ভীমরাও রামজি আম্বেদকর জন্মদিনে তাঁকে এভাবে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এদিন ডঃ বি. আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাটের গান্ধীনগরের লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানের চারটি ছবি-সহ রাষ্ট্রপতি ভবন থেকে এ কথা এক্সবার্তায় জানানো হয়। তাতে লেখা, ‘সামাজিক সমরস্ত মহোৎসব’-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন যে, আমাদের দেশের অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত উন্নয়নের জন্য সম্প্রীতির চেতনা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন যে, সামগ্রিক শিক্ষা সামাজিক সম্প্রীতির চেতনাকে শক্তিশালী করে।”
প্রসঙ্গত, বাবাসাহেব ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি এবং ভারতীয় জাতীয়তাবাদী, ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। ২০১২ সালে ‘হিস্ট্রি টি. ভি.১৮’ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা তিনি ‘শ্রেষ্ঠ ভারতীয়’ নির্বাচিত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত