
গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : রাজধানীর খারঘুলি ময়দানে রঙালি বিহু উপলক্ষ্যে পতাকা উত্তোলন করে একদিনের এক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। রঙালি বিহুর অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী রীতি-নীতি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অসমীয়া নববর্ষকে স্বাগত জানানো হয়েছে এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে সম্মিলিত বিহু নৃত্য সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা বিহুর সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন।
অন্যদিকে, জাজেস ফিল্ডে আয়োজিত সারা অসম ছাত্র সংস্থা (আসু)-র উদ্যোগে আয়োজিত বিহু অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন কয়েকজন শীর্ষ আসু নেতা। আসু নেতারা বলেন, বহাগ (বৈশাখ) মাস থেকে শুরু হয় একটি বছর। নতুন বছর যেন অসমীয়া সমাজের জন্য আশার বছর হয়ে ওঠে। তাঁরা কামনা করেন, এই বছরটি এমন হোক, যেখানে সাধারণ মানুষ নিজেদের নিরাপদ অনুভব করতে পারেন। অনুষ্ঠানে সামাজিক ঐক্য, সাংস্কৃতিক গৌরব এবং সম্মিলিত উৎসবের এক সুন্দর চিত্র ফুটে ওঠেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস