
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। দেশের প্রথম যাত্রীবাহী ট্রেন বোরি বন্দর (মুম্বই) থেকে সেদিন থানের উদ্দেশে যাত্রা শুরু করে। ভারতীয় রেলের এই ১৭৩তম ‘জন্মদিন’ উদযাপন করতে পূর্ব রেল এই মাইলফলককে একটি পরিচ্ছন্ন ভবিষ্যতের মিশনে রূপান্তর করছে।
আগামী ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত এক মাস ব্যাপী একটি বিশাল ‘স্বচ্ছতা সচেতনতা অভিযান’ চালানো হবে। এর মধ্যে ১৬ এপ্রিল দিনটি বিশেষভাবে কোচ এবং রেললাইন পরিচ্ছন্নতার জন্য উৎসর্গ করা হয়েছে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন যে, ভারতীয় মাটিতে প্রথম চাকা ঘোরার সেই দিনটিকে স্মরণ করার পাশাপাশি, পূর্ব রেল একটি পরিচ্ছন্ন ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের অঙ্গীকার করে তাদের ঐতিহ্যকে সম্মান জানাচ্ছে। তিনি এক বিবৃতিতে জানান, এটি কেবল অতীতের উদযাপন নয়, বরং যাত্রীদের কাছে এক স্বাস্থ্যকর এবং স্থায়ী ভবিষ্যতের প্রতিশ্রুতি।
দেউস্করের নেতৃত্বে এই অভিযান পূর্ব রেল নেটওয়ার্কের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে। এতে নানা রেলের নানা বিভাগের আধিকারিক ও কর্মীরা এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর সদস্যরা সক্রিয়ভাবে যোগ দেবেন। প্রচার চালানো হবে রেলওয়ে কলোনি, স্কুল, অফিস, হাসপাতাল, স্বাস্থ্য ইউনিট এবং স্কাউট ইউনিটের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত