বৈশাখে তীব্র তাপের আভাস, দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): বৈশাখের আগেই গরম বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। তীব্র তাপের আভাস দিয়ে দিচ্ছে চৈত্রের রোদই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত গরম আরও বাড়বে। বৃষ্টির স্বস্তির তেমন সম্ভাবনা নেই। মঙ্গলবারও কলকাতায় বাড়ল তাপমাত্রার পারদ। এদ
বৈশাখে তীব্র তাপের আভাস, দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা


কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): বৈশাখের আগেই গরম বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। তীব্র তাপের আভাস দিয়ে দিচ্ছে চৈত্রের রোদই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত গরম আরও বাড়বে। বৃষ্টির স্বস্তির তেমন সম্ভাবনা নেই। মঙ্গলবারও কলকাতায় বাড়ল তাপমাত্রার পারদ। এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।

মূলত পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুষ্ক বাতাস প্রবেশ করছে। তার ফলে উষ্ণতা এবং আর্দ্রতা বাড়ছে। ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত গরমের অস্বস্তির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া, দক্ষিণের সব জেলাতেই গরম বাড়বে।

তবে পশ্চিমের এই জেলাগুলিতে গরমের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিও হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে দু’এক পশলা বৃষ্টিতে গরম কমবে না। বরং আরও বেড়ে যেতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande