
গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মণিপুরের জনৈক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর হেফাজত থেকে বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ধৃত মাদক পাচারকারিকে লামনেও কিপগেন বলে পরিচয় পাওয়া গেছে।
পুলিশি অভিযানে একটি সাবানের বাক্স থেকে ৫০টি মাদক ভর্তি পাউচ উদ্ধার হয়েছে। ধৃত অভিযুক্ত মহিলাটি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
বশিষ্ঠ থানার পুলিশ আধিকারিক জানান, আজকের এই মাদকবিরোধী অভিযান মহানগরীতে মাদক চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ। অভিযুক্তের সঙ্গে জড়িত সম্ভাব্য যোগাযোগ ও নেটওয়ার্কের খোঁজে পুলিশের তদন্ত অব্যাহত, জানান পুলিশের আধিকারিক।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস