
পানিসাগর (ত্রিপুরা), ১৪ এপ্রিল (হি.স.) : চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে উত্তর ত্রিপুরার পানিসাগরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী চড়ক মেলায় উৎসবের আনন্দে মেতে উঠেছিল সাধারণ মানুষ। কিন্তু সেই আনন্দঘন পরিবেশের মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ, যা ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলার ভিড়ের মধ্যেই প্রকাশ্যে বসেছিল জুয়ার আসর। বিষয়টি প্রথমদিকে অনেকেই দেখেও চুপ থাকলেও পরে ধীরে ধীরে খবরটি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন সচেতন মহলের একাংশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মেলার একটি নির্দিষ্ট অংশে কয়েকজন মিলে নিয়মিতভাবে জুয়ার আয়োজন করছিলেন এবং সেখানে অনেকেই অংশগ্রহণ করছিলেন। পরিস্থিতি এমন ছিল যে, সাধারণ দর্শনার্থীদের সামনেই এই কর্মকাণ্ড চললেও তা বন্ধ করার কোনও উদ্যোগ চোখে পড়েনি।
এদিকে, গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, মেলার মতো জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে জুয়া চলতে পারে, তা অত্যন্ত উদ্বেগজনক। তারা জানতে চাইছেন, বিষয়টি নজরে আসার পরও কেন দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হল না।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি, যারা এই বেআইনি কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ