
আগরতলা (ত্রিপুরা), ১৪ এপ্রিল (হি.স.) : এলাকাবাসীদের তীব্র ক্ষোভ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে আমতলি বারুইপাড়া এলাকার জনৈকা মহিলাকে আটক করেছে আমতলি থানার পুলিশ। অভিযুক্ত মহিলার নাম সঙ্গীতা ঘোষ (কাল্পনিক নাম) বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারুইপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই ওই মহিলার বিরুদ্ধে উশৃঙ্খল আচরণ, গালিগালাজ ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছিল। এলাকাবাসীদের দাবি, এর আগেও একাধিক ঘটনায় তাঁর বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের হয় এবং তিনি কারাবাসও করেছেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার বিকেলে পার্শ্ববর্তী বাসিন্দা বাসুদেব দত্তকে আচমকা ধারালো দা দিয়ে আঘাত করেন ওই মহিলা। এতে বাসুদেব দত্ত গুরুতরভাবে আহত হন এবং তাঁর হাতে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে। পরবর্তীতে মঙ্গলবার আহত ব্যক্তি অভিযুক্ত মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এরপর একই দিন এলাকায় পুনরায় ওই মহিলার বিরুদ্ধে উশৃঙ্খল আচরণ, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে প্রতিবাদ জানান।
ঘটনার খবর পেয়ে আমতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি তাঁর বাড়ি থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই মহিলার আচরণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ