
আগরতলা, ১৪ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় সাম্প্রতিক ভোটপর্ব ও আসন্ন গণনা প্রক্রিয়া ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বামফ্রন্ট। ভোটের দিন একাধিক এলাকায় সহিংসতা, কারচুপি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার রাজ্য নির্বাচন দফতরের সচিব অনুরাগ সেনের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি গণনা প্রক্রিয়া ও ভোট-পরবর্তী নিরাপত্তা জোরদারের দাবি জানায়। পরে সিপিআই(এম) রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত অভিযোগ ও দাবি তুলে ধরেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে।
সাংবাদিক সম্মেলনে মানিক দে অভিযোগ করেন, নির্বাচনের আগেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছিল। তাঁর দাবি, ভোটের দিন ১২ এপ্রিল একাধিক স্থানে “ছাপ্পা ভোট” ও কারচুপির ঘটনা ঘটে। পাশাপাশি পুলিশের উপস্থিতিতেই রাজনৈতিক দলের এজেন্টদের উপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ তোলা হয়।
তিনি আরও জানান, এডিসি এলাকায় কিছু জনপ্রতিনিধির উপস্থিতি ও কার্যকলাপের কারণে আতঙ্ক ও অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে গণনা প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—গণনা কেন্দ্রের ভেতর ও বাইরে কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তা।কাউন্টিং এজেন্টদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। গণনা কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনিক নির্দেশিকা। সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা। গণনার পরবর্তী সময়েও এডিসি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল বজায় রাখা। বহিরাগতদের কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়োগ না করা।
বামফ্রন্ট নেতৃত্ব জানিয়েছে, নির্বাচন কমিশন বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তবে গণনা প্রক্রিয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নরেশ জমাতিয়া, মিলন বৈদ্য, দীপক দেব ও রঘুনাথ সরকারসহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ