
উদয়পুর, ১৪ এপ্রিল ( হি. স.): রাজস্থানের উদয়পুরে ঘটলো মর্মান্তিক পথ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে উদয়পুররের গোগুন্দা-পিণ্ডওয়ারা জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন, আহত এক শিশু–সহ আরও দুজন।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম দয়া ভাট (৫৫) এবং পুষ্পরাজ (৩২)। তাঁরা দুজনেই যোধপুরের বাসিন্দা। মঙ্গলবার সকালে মালওয়া মোড়ের কাছে দয়া ভাট ও পুষ্পরাজের গাড়িটিতে পিছন দিক থেকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক । দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে থাকা শিশু ও আরেকজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ট্রেলারটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ট্রাক ও ট্রেলার চালকও । দুর্ঘটনার পর ব্যাহত হয় জাতীয় সড়কের যানচলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক