পয়লা বৈশাখে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): বাংলা নববর্ষ উপলক্ষে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠি রাজ্য বিজেপির সমাজ মাধ্যমে শেয়ার করা হয়েছে। চিঠিতে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছার পাশাপাশি নাম না করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প
পয়লা বৈশাখে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): বাংলা নববর্ষ উপলক্ষে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠি রাজ্য বিজেপির সমাজ মাধ্যমে শেয়ার করা হয়েছে। চিঠিতে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছার পাশাপাশি নাম না করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী লিখেছেন, আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী,

জয় মা কালী,

আপনাদের সকলকে শুভ নববর্ষ ও ১লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই শুভদিনে আমি মা কালীর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা জানাচ্ছি যেন, আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী নতুন উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারেন।

বিগত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গবাসী অপশাসন, বিশৃঙ্খলা ও দুর্নীতির শিকার, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির ওপর চরম আঘাত হেনেছে। আজ যখন আমি পশ্চিমবঙ্গবাসীর দুঃখ এবং বেদনা দেখি, তখন আমার মন ব্যথিত ও ভারাক্রান্ত হয়। বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলে মা-বোনেদের নিরাপত্তা, যুবসমাজের কর্মসংস্থান এবং গরীব মানুষের অধিকার থেকে পশ্চিমবঙ্গবাসী আজ বঞ্চিত।

পশ্চিমবঙ্গ সর্বদা দেশকে তথা আমাদের সমাজকে এক নতুন দিশা দেখিয়েছে। আজ এই শুভ নববর্ষের দিনে আসুন আমরা সবাই মিলে নবজাগরণের সংকল্প গ্রহণ করি, আমরা 'বিকশিত পশ্চিমবঙ্গ' গড়ে তুলব, যেখানে প্রত্যেক গরীব মানুষের মাথার ওপরে ছাদ থাকবে, সবার পাতে ভাত থাকবে, মহিলারা নির্ভয়ে ও নিরাপদে বাড়ির বাইরে বের হতে পারবে এবং যুবসমাজকে কাজের খোঁজে নিজের ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।

আজ আমি আপনাদের কথা দিচ্ছি, রাজ্যে বিজেপি সরকার আসার পর পশ্চিমবঙ্গ সমগ্র দেশের সঙ্গে উন্নয়নের পথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে এবং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে 'বিকশিত ভারত'-এর পথপ্রদর্শক হয়ে উঠবে।

বন্ধুগণ, এই আসন্ন বিধানসভা নির্বাচন কেবল একটি সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ তথা প্রকৃত পরিবর্তন আনয়নের এক সুবর্ণ সুযোগ। এবার সময় এসেছে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহা এবং অধিকার রক্ষার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করার, এই লড়াই বস্তুত ভয় বনাম ভরসার লড়াই। এই নির্বাচনে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কেবল নিজেদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ প্রশস্ত করতে হবে।

আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, গণতন্ত্রের এই উৎসবে ভয়মুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন এবং 'বিকশিত পশ্চিমবঙ্গ'-এর স্বপ্ন সফল করতে আমাদের সঙ্গী হন।

আমি দৃঢ় বিশ্বাসী ও আস্থাবান, পশ্চিমবঙ্গের মানুষ এবার ভারতীয় জনতা পার্টি এবং আমার উপর ভরসা রেখে আমাদের এক ঐতিহাসিক জয় উপহার দেবেন।

পুনরায় আপনাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande