
- আগামী ২০২৭ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত শুভ সময় প্ৰধানমন্ত্ৰী মোদীর
বরপেটা (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : এবারও মুখ্যমন্ত্রী হবেন হিমন্তবিশ্ব শর্মা, ভবিষ্যদ্বাণী করেছেন অসমের বিখ্যাত জ্যোতিষ। তাঁর ভবিষ্যদ্বাণী, বহু বছর মাথা তুলতে পারবে না কংগ্রেস। এই ভবিষ্যদ্বাণী আজ বুধবার পয়লা বৈশাখ বরপেটা সত্রে করা হয়েছে।
বরপেটা সত্রের দৈবজ্ঞ ত্রিদীপ দেবশর্মা দলৈ ঐতিহ্য ও পরম্পরা রক্ষা করে অনুষ্ঠিত ‘বর্ষফল’ গণনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন দৈৱজ্ঞ ত্ৰিদিপ দেবশৰ্মা দলৈ।
বরপেটা সত্ৰের বৰ্ষফল গণনা অনুযায়ী দ্বিতীয়বারের মতো অসমের মুখ্যমন্ত্ৰী হবেন হিমন্তবিশ্ব শৰ্মা। এ বছরের ৭ নভেম্বর পর্যন্ত তাঁর অতি শুভ দশা চলছে। এছাড়া বৰ্ষফল গণনায় ত্ৰিদিপ দেবশৰ্মা দলৈ দাবি করেছেন, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৮০ থেকে ৯০টি আসন পাওয়ার যোগ রয়েছে।
তবে নভেম্বর থেকে প্ৰায় ১৮ মাস মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার কিছু অশুভ যোগ রয়েছে জানিয়ে দৈবজ্ঞ ত্ৰিদীপ দেবশৰ্মা বলেন, মুখ্যমন্ত্ৰীর শত্ৰুবৃদ্ধি ও মানহানির মতো ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তাঁকে সাবধানে থাকতে হবে, এটা তাঁর জন্য মঙ্গলজনক, বলেন ত্ৰিদীপ দেবশৰ্মা দলৈ।
অন্যদিকে দেশের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর শপত গ্ৰহণের ক্ষণ গণনা অনুযায়ী কেতু এবং শুক্ৰের দশা চলছে। তাই প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর শারীরিক, মানসিক কষ্ট এবং শত্ৰু বৃদ্ধি হবে। প্ৰধানমন্ত্ৰী মোদীর মঙ্গলের দশা এবং জন্মদশার বিচার করে আগামী ২০২৭ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত তাঁর শুভ সময়। কিন্তু মাঘ মাসের পর দেশের প্ৰধানমন্ত্ৰী বদল হওয়ার প্রবল সম্ভাবনা, দাবি বৰ্ষফল গণনাকারী ত্ৰিদীপ দেবশৰ্মা দলৈয়ের।
ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্র-ভিত্তিক এই ভবিষ্যদ্বাণীকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে, পাশাপাশি রাজনৈতিক মহলেও এ নিয়ে তীব্র হচ্ছে আলোচনা।
প্ৰসঙ্গত, প্রতি বছর নববর্ষ উপলক্ষ্যে বার্ষিক পঞ্জিকা প্রকাশ করা হয়। তখন বিভিন্ন ধরনের ভবিষ্যদ্বাণী করেন দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলৈ। আজ বাংলার পাশাপাশি অসমীয়া নববর্ষের প্রথম দিন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস