আপডেট (২)...অস্বস্তিতে কংগ্রেস নেতা পবন খেড়া, তেলেঙ্গানা হাইকোর্টের অগ্রিম জামিন আদেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
- অসমের মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালতের জামিন আদেশে বিস্মিত সৰ্বোচ্চ আদালত গুয়াহাটি, ১৫ এপ্রিল (হি.স.) : কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে তেলেঙ্গানা হাইকোর্টের এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিনের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। অসমের মামলায় ত
সুপ্রিম কোর্ট_ইনসেটে পবন খেড়া (ফাইল ফটো)


- অসমের মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালতের জামিন আদেশে বিস্মিত সৰ্বোচ্চ আদালত

গুয়াহাটি, ১৫ এপ্রিল (হি.স.) : কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে তেলেঙ্গানা হাইকোর্টের এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিনের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। অসমের মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালতের আদেশে বিস্ময় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সুপ্রিম কোর্টে আজকের (বুধবার) শুনানি সম্পৰ্কে গুয়াহাটি উচ্চ আদালতের সিনিয়র অ্যাডভোকেট বিজন মহাজন বলেন, ট্রানজিট অগ্রিম জামিনের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে বেশ অস্বস্তিতে পড়েছেন পবন খেড়া। অসমে দায়েরকৃত একটি মামলার অভিযুক্ত পবন। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে বলে অসম বিধানসভা নিৰ্বাচনের চারদিন আগে গত ৫ এপ্রিল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা পবন। ওই অভিযোগকে খণ্ডন করে গত ৬ এপ্রিল কংগ্রেস নেতা পবন খেড়ার বিরুদ্ধে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন রিনিকি ভূঞা শর্মা।

রিনিকি ভূঞা শর্মার অভিযোগের ভিত্তিতে পবন খেড়ার বিরুদ্ধে গুয়াহাটিতে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থানায় ভারতীয় ন্যায় সংহিতা-র বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। প্রযোজ্য ধারাগুলি যথাক্রমে ১৭৫ (নির্বাচনের সঙ্গে সম্পর্কিত মিথ্যা বিবৃতি), ৩৫ (ব্যক্তি ও সম্পত্তির আত্মরক্ষার অধিকার) এবং ৩১৮ (প্রতারণা)। এই মামলার ভিত্তিতে গত ৭ এপ্ৰিল আসাম পুলিশের একটি দল দিল্লিতে পবন খেড়ার বাসভবনে গিয়েছিল। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি।

বিজন মহাজন বলেন, হায়দরাবাদে বসবাসের কারণ দেখিয়ে পবন খেড়ার কৌঁসুলি অভিষেক মনু সিংভি ৮ এপ্রিল তেলেঙ্গানা হাইকোর্টে তাঁর মক্কেল (পবন খেড়া)-কে অগ্রিম জামিন প্রদানের আবেদন জানিয়ে এই মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়েছিলেন।

১০ এপ্রিল তেলেঙ্গানা হাইকোৰ্টের বিচারপতি সুজানা কালাসিকামের আদালত পবন খেড়ার জামিন আবেদনের শুনানিকালে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কথা উল্লেখ করে কিছু শৰ্ত বেঁধে দিয়ে এক সপ্তাহের অন্তর্বর্তী ট্রানজিট অগ্রিম জামিন মঞ্জুর করেছিল।

তেলেঙ্গানা উচ্চ আদালত জামিন মঞ্জুর করে নির্দেশ দিয়েছিল, পবন খেড়াকে গ্রেফতার করা হলে ব্যক্তিগত মুচলেকায় তাঁকে জামিনে মুক্তি দিতে হবে। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে হবে, নির্দিষ্ট আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না ইত্যাদি।

এদিকে তেলেঙ্গানা হাইকোৰ্ট কর্তৃক প্রদত্ত এক সপ্তাহের অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জনিয়ে ১২ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টে অসম সরকারের পক্ষ থেকে আইনজীবী শুভদীপ রায় আবেদন দায়ের করেছিলেন।

গুয়াহাটি উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবী বিজন মহাজন বলেন, আজ বুধবার ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মহেশ্বরী এবং অতুল এস চন্দুরকরের বেঞ্চ অসম সরকারের দায়েরকৃত আবেদনের শুনানি শেষে তেলেঙ্গানা হাইকোর্টের এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিনের আদেশ স্থগিত করেছে।

অসম সরকারের পক্ষে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। যুক্তি প্ৰদৰ্শন করে আদালতকে সলিসিটর জেনারেল মেহেতা বলেন, পবন খেড়া কেন অসমের পরিবর্তে তেলেঙ্গানার আদালতে গিয়েছিলেন তার যথাযথ ব্যাখ্যা দেননি। ‘ফোরাম শপিং’ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে শীর্ষ আদালত এ ধরনের প্রক্রিয়াকে নিরুৎসাহিত করেছে।

সলিসিটর জেনারেল তুষার মেহেতার যুক্তি-ব্যাখ্যা শুনে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানায়, খেড়া যদি অসমের উপযুক্ত আদালতে অগ্রিম জামিনের জন্য আবেদন করেন, তা-হলে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ তাঁর আবেদন বিবেচনায় কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।

শুনানিকালে সুপ্ৰিম কোৰ্টের ডিভিশন বেঞ্চ তেলেঙ্গানা হাইকোর্টের আদেশে বিস্ময় প্রকাশ করেছে। বিচারপতি জেকে মহেশ্বরী মন্তব্য করেন, ‘উই আর সারপ্রাইজড’ (আমরা বিস্মিত)। বলেন, যখন আদালত সেই পরিস্থিতি খতিয়ে দেখছিল যেখানে এফআইআর দায়ের হওয়া রাজ্যের বাইরে ট্রানজিট অগ্রিম জামিন দেওয়া হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande