
ইটানগর, ১৫ এপ্রিল (হি.স.) : সারা দেশে আদমশুমারির আগে আগামী বৃহস্পতিবার থেকে অরুণাচল প্রদেশে শুরু হবে স্ব-গণনা প্রক্রিয়া।
এ খবর দিয়ে ডিরেক্টরেট অব সেন্সাস অপারেশন-এর সহকারী অধিকর্তা (প্রশিক্ষণ) সফিকুর রহমান জানান, সারা দেশের আদমশুমারি (জনগণনা)-র আগে অরুণাচল প্রদেশে অনুষ্ঠেয় স্ব-গণনা প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের ধাপ। তিনি জানান স্ব-গণনা প্রক্রিয়া আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে বাসিন্দারা সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন।
এই উদ্যোগকে সহজ ও সহজলভ্য বলে সফিকুর রহমান জানান, স্ব-গণনার মাধ্যমে ব্যক্তি ও পরিবার সরাসরি তাদের পরিবারের গঠন, বাসস্থানের অবস্থা এবং মৌলিক পরিষেবার প্রাপ্যতা সংক্রান্ত তথ্য দিতে পারবেন। তিনি সকলকে এই প্ৰক্ৰিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, জমা দেওয়া তথ্য যেন সঠিক হয় তা নিশ্চিত করতে হবে। কারণ নির্ভরযোগ্য তথ্য কার্যকর পরিকল্পনা ও প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্ব-গণনার পর ১ মে থেকে ৩০ মে পর্যন্ত হাউসলিস্টিং এবং হাউজিং সেন্সাসের কাজ পরিচালিত হবে। এই সময়ে প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই সম্পূর্ণ করবেন। তিনি বলেন, বাড়ি বাড়ি পরিদর্শন সেন্সাস প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এজন্য তিনি নাগরিকদের আহ্বান জানান যাতে তাঁরা গণনাকারীদের পূর্ণ সহযোগিতা করেন।
অনুষ্ঠেয় সেন্সাসের মাধ্যমে সংগৃহীত তথ্য জনসংখ্যার প্রবণতা, বাসস্থানের অবস্থা এবং জল সরবরাহ, বিদ্যুৎ ও স্যানিটেশন সহ মৌলিক পরিষেবার প্রাপ্যতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান সফিকুর রহমান। তিনি জানান, এই তথ্য নীতিনির্ধারণ, কল্যাণমূলক প্রকল্প এবং গ্রামীণ ও শহুরে উন্নয়নের জন্য সম্পদ বণ্টনে সহায়ক হবে।
তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগের প্রসঙ্গে ডিরেক্টরেট অব সেন্সাস অপারেশন-এর সহকারী অধিকর্তা (প্রশিক্ষণ) সফিকুর রহমান আশ্বস্ত করে বলেন, সংগ্রহকৃত সমস্ত ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে, ব্যবহার করা হবে শুধুমাত্র পরিসংখ্যানগত কাজে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস