
নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অনগ্রসর শ্রেণী কমিশনের বর্তমান চেয়ারম্যান সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর সরকারি ই-মেলে পাঠানো এই হুমকিতে দফতর ও বাসভবনকে নিশানা করার কথাও উল্লেখ করা হয়েছে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ তিনি দফতরে উপস্থিত থাকাকালীন তাঁর অফিসিয়াল ই-মেলে হুমকির বার্তা আসে। ঘটনাটি সামনে আসতেই তৎপর হয়ে ওঠে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিষয়টির তদন্ত শুরু হয়েছে এবং হুমকির উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। সাইবার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে অনগ্রসর শ্রেণীর কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য