আগামী দুমাসের আগে শেষ হবে না জাটিঙ্গা-হারাঙ্গাজাও সড়ক নির্মাণের কাজ : নাহাই
হাফলং (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের দুই লেন সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হতে আরও দুমাস লাগবে, এর আগে কোনও অবস্থাতেই শেষ হবে না নির্মাণকাজ, জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃ
চলছে দুই লেন সড়ক নির্মাণের কাজ


হাফলং (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের দুই লেন সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হতে আরও দুমাস লাগবে, এর আগে কোনও অবস্থাতেই শেষ হবে না নির্মাণকাজ, জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)-এর প্রকল্প অধিকৰ্তা যোগেশ রাওয়াত।

যোগেশ রাওয়াত বলেন, জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের দুই লেন সড়ক যানবাহন চলাচলের জন্য জুন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তিনি বলেন, এখন এই অংশে জমি অধিগ্রহণের কোনও সমস্যা না থাকলেও দুটি রোড ওভারব্রিজ (আরওবি)-এর কাজ বাকি রয়েছে। যার দরুন জুন মাসের আগে এই অংশের দুই লেন সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব নয়।

(নাহাই-এর প্রকল্প অধিকৰ্তা বলেন, বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধের পরিস্থিতির দরুন বিটুমিনের সমস্যা দেখা দেওয়ায় নির্মাণ সংস্থার কাজ কিছুটা মন্থর হয়েছে।

প্রসঙ্গত, প্রথমে গত ৩১ জানুয়ারি, তারপর ১৫ ফেব্রুয়ারি জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে অসমেপ মন্ত্রী কৌশিক রায় দাবি করেছিলেন। কিন্তু কৌশিক রায়ের ওই দাবিকে নসাৎ করে যোগেশ রাওয়াত বলেন, আগামী জুন মাসের আগে কোনও অবস্থায় জাটিঙ্গা-হারাঙ্গাজাও অংশের সড়কপথ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব নয়।

নাহাই-এর প্রকল্প অধিকর্তা জুন মাসে এই সড়কপথটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানালেও বর্তমানে কাজের যা অগ্রগতি এতে জুন মাসের আগে নির্মীয়মাণ দুটি আরওবির কাজ সম্পূর্ণ হওয়া নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন রয়েছে।

এদিকে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের মান্দারডিসা থেকে নৃরিমবাংলো পর্যন্ত সড়কের বিভিন্ন অংশের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এই অংশের সড়কের বিভিন্ন অংশ ভেঙে চৌচির হয়ে গেছে। সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে। তাছাড়া নৃরিমবাংলোর কাছে দেড় কিলোমিটার দীর্ঘ টানেলের ভিতরের অবস্থাও বেহাল হয়ে পড়েছে।

এ সম্পর্কে প্রশ্ন করা হলে যোগেশ রাওয়াত বলেন, মান্দারডিসা থেকে নৃরিমবাংলো পর্যন্ত সড়ক মেরামতি করা ও দেখভাল করার জন্য ২০২৩ সালে ডিসি আজমেরা নামের নির্মাণ সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গত ১০ মাস থেকে এই নির্মাণ সংস্থা কাজ না করায় তাদের বিল আটকে রাখা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ওই নির্মাণ সংস্থা যদি জাতীয় সড়ক কর্তৃপক্ষের নীতি নির্দেশিকা না মেনে আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু না করে, তা-হলে ডিসি আজমেরা নামের ওই নির্মাণ সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হতে পারে এবং নতুনভাবে দরপত্র আহ্বান করে অন্য কোনও নির্মাণ সংস্থাকে কাজের বরাত দেওয়া হবে, জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প অধিকর্তা যোগেশ রাওয়াত।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande