বিজেপি প্রার্থীর ‘অশ্লীল’ ছবি ঘিরে উত্তপ্ত দুর্গাপুর, তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ লক্ষণ ঘড়ুইয়ের
দুর্গাপুর, ১৬ এপ্রিল ( হি. স.) : ভোটের মুখে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের ‘অশ্লীল’ ছবিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল শিল্পশহর দুর্গাপুরে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর আপত্তিকর ছবি এবার মিনিবাসের পিছনে পোস্টার আকারে দেখা যা
বিজেপি প্রার্থীর ‘অশ্লীল’ ছবি ঘিরে উত্তপ্ত দুর্গাপুর, তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ লক্ষণ ঘড়ুইয়ের


দুর্গাপুর, ১৬ এপ্রিল ( হি. স.) : ভোটের মুখে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের ‘অশ্লীল’ ছবিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল শিল্পশহর দুর্গাপুরে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর আপত্তিকর ছবি এবার মিনিবাসের পিছনে পোস্টার আকারে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার প্রার্থীর এই ছবি সংবলিত বাসগুলি শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতেই বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে এবং চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্গাপুরের ৮-বি রুটের বেশ কিছু মিনিবাসের পিছনে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের কুরুচিকর ছবি লাগানো অবস্থায় দেখা যায়। উল্লেখ্য, এই বাসগুলি মূলত পশ্চিম বিধানসভা এলাকাতেই চলাচল করে। এর আগেও সমাজমাধ্যমে এই ধরনের একটি ছবি ভাইরাল হয়েছিল, যা নিয়ে সেই সময়ও প্রবল বিতর্ক হয়েছিল। এবার সেই ছবিরই প্রিন্ট আউট করে বাসে বাসে ছড়িয়ে দেওয়া হয়েছে।

নিজের এই বিতর্কিত ছবি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে বলেন, “রাজনৈতিকভাবে লড়াইয়ে জিততে না পেরে তৃণমূল এই ধরনের নোংরা কুৎসা ছড়াচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি করে আমার এই ভুয়ো ছবি তৈরি করা হয়েছে। ২০২১ সালে তৃণমূলের প্রার্থীকে হারিয়েছিলাম, এবারও হারাব। নিশ্চিত পরাজয়ের ভয় থেকেই ওরা এই ধরণের হীন রাজনীতির আশ্রয় নিচ্ছে। আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাব।”

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি বলেন, “আমি বা আমার দল এই ধরনের কুরুচিকর রাজনীতিতে বিশ্বাসী নই। এই ছবি আসল না নকল, তা জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি।”

কারা এই ধরনের ছবি বাসে লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে পৌঁছেছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande