

‘অসমে ১০০, পশ্চিমবঙ্গে ২০০ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি’
কোচবিহার, ১৬ এপ্রিল (হি.স.) : মমতা দিদির ভয়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হলে গরু পাচার বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কায় তিনি বলে বেড়াচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ করে দেবে। কোচবিহারে নির্বাচনী প্রচারে এসে বলেছেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ড. শৰ্মা বলেন, বিজেপি অসমে ১০০টি এবং পশ্চিমবঙ্গে ২০০টি আসন জিতবে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, বাংলায় এবার সরকার গঠন করবে বিজেপিই। যে ফিডব্যাক পাচ্ছি, তাতে মনে হয় ২০০ আসনে বিজয়ী হবেন বিজেপি প্ৰাৰ্থীরা।’
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি-সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিজেপি ক্ষমতায় এলে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ করে দেবে...’ বলে বিভ্ৰান্তিকর অপপ্রচারের প্রতিক্রিয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, অসমের বিখ্যাত কামাখ্যা মন্দিরে প্রায় প্রতিদিন পশুবলি দেওয়া হয়। কই, সেখানে তো মাংস নিষিদ্ধ করা হয়নি। অসম ও বিহারে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে তো মাংস নিষিদ্ধ নয়। তিনি বলেন, ‘আসলে তাঁদের আশঙ্কা হচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে গরু পাচার বন্ধ হয়ে যাবে।’ হিমন্তবিশ্ব বলেন, অসম সহ বিজেপি-শাসিত রাজ্যগুলোতে কখনও মাংস নিষিদ্ধ করা হয়নি বা হবেও না।
আলিপুরদুয়ারে এক নির্বাচনী সমাবেশে প্রদত্ত ভাষণে হিমন্তবিশ্ব শর্মা বলেন, অসম এবং ত্রিপুরায় ইতিমধ্যেই কড়া সীমান্ত ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গেও একই ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি। পশ্চিমবঙ্গে এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো সীমান্ত সিল করা। নির্বাচনী প্রচারে এসে ড. শর্মা সীমান্ত নিরাপত্তাকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, অসম, ত্রিপুরা এবং এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হলে এক সঙ্গে কাঁটাতারের বেড়া বসবে। ওই কাঁটাতারে সংযোগ করা হবে বিদ্যুৎ, তখন দেখা যাবে কয়জন ওপার থেকে এপারে প্রবেশ করেন।
সমাবেশগুলিতে হিমন্তবিশ্ব বলেন, আমাদের একমাত্র উদ্বেগের বিষয়, কেন বাংলাদেশিদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের আমাদের দেশে প্রবেশে বাধা দেন না। আদর করে তাদের এনে এখানে বসবাসের নানা সুযোগ-সুবিধা দেন। পরে ছড়িয়ে দেন গোটা দেশে। এই প্রবণতা দেশের কাছে বিরাট হুমকি। তাই সীমান্ত সিল করা অত্যন্ত জরুরি, বিশেষ করে পশ্চিমবঙ্গে।
এদিকে অসম এবং পশ্চিমবঙ্গ সরকারের তুলনা করে হিমন্তবিশ্ব বলেন, অসমে মেধার ভিত্তিতে বিনামূল্যে দু-লক্ষাধিক যুবক-যুবতীকে সরকারি চাকরি, চা শ্রমিকদের ভূমিপাট্টা, মহিলাদের লাখপতি দিদি বানানোর জন্য মোটা অঙ্কের মূলধন দেওয়া হচ্ছে। এথাড়া নিম্ন থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য গৃহীত বহু প্রকল্পের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসি সরকারকে তুলোধোনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস