‘তৃণমূলকে আর গণনায় ধরি না, মমতার সভায় চেয়ার-মঞ্চ থাকলেও মানুষ থাকবে না’: দুর্গাপুরে শুভেন্দু
দুর্গাপুর, ১৬ এপ্রিল ( হি. স.) : আগামীকাল বেনাচিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। সেখানে চেয়ার থাকবে, মঞ্চ থাকবে, পুলিশ আর দমকলের গাড়িও থাকবে; কিন্তু সাধারণ মানুষ থাকবে না। তৃণমূলকে আমরা আর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গণনায় ধরি না। বৃহস্পতিবার সন্ধ্য
‘তৃণমূলকে আর গণনায় ধরি না, মমতার সভায় চেয়ার-মঞ্চ থাকলেও মানুষ থাকবে না’: দুর্গাপুরে শুভেন্দু


দুর্গাপুর, ১৬ এপ্রিল ( হি. স.) : আগামীকাল বেনাচিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। সেখানে চেয়ার থাকবে, মঞ্চ থাকবে, পুলিশ আর দমকলের গাড়িও থাকবে; কিন্তু সাধারণ মানুষ থাকবে না। তৃণমূলকে আমরা আর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গণনায় ধরি না। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের ফুলঝোরে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে এভাবেই রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রীকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এই সভায় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন। তাঁর অভিযোগ, এরাজ্যের মুখ্যমন্ত্রী দুটি কাজ করেছেন—এক, ২৪ হাজার নতুন মদের দোকান খুলেছেন এবং দুই, লটারির মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন। ২৮ টাকার মদের বোতল আর ভাতার রাজনীতির মাধ্যমে বাংলাকে পঙ্গু করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর বিভিন্ন মন্তব্য ও উন্নয়ন দাবির পাল্টা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীজি যখন ‘আত্মনির্ভর ভারত’ ও ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক দেন, মুখ্যমন্ত্রী তখন ‘এপাং ওপাং ঝপাং’ বলেন। উনি ২ কোটি চাকরির কথা বললেও আজ পর্যন্ত তার কোনও তালিকা দেখাতে পারেননি। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে মমতার উল্লাস প্রসঙ্গে বিরোধী দলনেতার কটাক্ষ, উনি আনন্দে থাকুন, বেশি করে খাওয়াদাওয়া আর লম্বা ঘুম দিন। ৪ মে নির্বাচনের ফলাফল বেরোলেই জনগণ সব বুঝিয়ে দেবেন।

নন্দীগ্রামে আইএসএফ প্রার্থীর তৃণমূলে যোগদানের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি দাবি করেন, তৃণমূল হার নিশ্চিত জেনে এখন সবাইকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতাদের মুখ্যমন্ত্রী ‘বহিরাগত’ বলা প্রসঙ্গে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই অন্য রাজ্য থেকে আসা ভারতীয় নাগরিকদের বহিরাগত বলেন, আর ওপার থেকে আসা রোহিঙ্গাদের জামাই আদর করেন।

সবশেষে তিনি দাবি করেন, পশ্চিম বর্ধমানের ৯টি আসনেই বিজেপি জিতবে এবং ভবানীপুরেও তিনি জয়ী হবেন। সভায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande