
পাথারকান্দি (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন বিভাগের হাতে ধরা পড়েছে সাত চোরাশিকারি। ধৃত সাত চোরাশিকারিকে পাথারকান্দি থানাধীন বুবরিঘাট এলাকার বারুয়াইল গ্রামের বাসিন্দা যথাক্রমে নজরুল ইসলাম, সাহাব উদ্দিন, আহমেদ হোসেন, লুৎফুর রহমান, ইমরান হোসেন, আকবর হোসেন এহং হাবিব–উল্লা বলে পরিচয় পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার পাথারকান্দি রেঞ্জ ফরেস্ট অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই সাত চোরাশিকারি পাথারিয়া সংরক্ষিত বনাঞ্চলের আদমটিলা পাহাড়ে প্রবেশ করে বন্যাপ্রাণী শিকারের জন্য ফাঁদ পেতে বসেছিল। গোপন সূত্রে এ খবর আসে রেঞ্জ ফরেস্ট অফিসার মানসজ্যোতি শইকিয়ার কাছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চোরাশিকারিদের পাকড়াও করেন মানসজ্যোতি।
ধৃতদের কাছ থেকে একটি বন্যপ্রাণী শিকারের বিশাল জাল এবং তাদের ব্যবহৃত একটি অল্টো কার, তিনটি মটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে।
সাত চোরাশিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যা সংক্রান্ত আইনের সুনির্দিষ্ট ধারায় পাথারকান্দি থানায় মামলা রুজু করেছে পুলিশ। জেরায় চোরাশিকারিরা স্বীকার করেছে, হরিণ শিকারের মতলবে ছিল তারা। আজ বৃহস্পতিবার ধৃতদের শ্রীভূমি জেলা সদরে মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়েছিল। আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস