বিগত পাঁচ বছরের কাজের খতিয়ান পেশ করলেন অগ্নিমিত্রা পাল, বিঁধলেন শাসকদলকে
আসানসোল, ১৬ এপ্রিল (হি.স.): আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর বিগত পাঁচ বছরের বিধায়ক পদের খতিয়ান পেশ করেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি নিজের উন্নয়নমূলক কাজের বিব
অগ্নিমিত্রা পাল


আসানসোল, ১৬ এপ্রিল (হি.স.): আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর বিগত পাঁচ বছরের বিধায়ক পদের খতিয়ান পেশ করেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি নিজের উন্নয়নমূলক কাজের বিবরণ দেওয়ার পাশাপাশি রাজ্যের শাসকদলের তীব্র সমালোচনা করেন।

বিজেপি প্রার্থী দাবি করেন, বিরোধী আসনে থেকেও তিনি আসানসোল দক্ষিণে এমন অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, যা শাসকদলের বিধায়করা করতে পারেননি। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিধায়করা উন্নয়নের বদলে বিধায়ক তহবিলের অপব্যবহার করেন, সেখানে তিনি সবসময় এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন।

নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন দাবি করে অগ্নিমিত্রা পাল বলেন, ২৩ এপ্রিল ভোটের দিন আসানসোল দক্ষিণের মানুষ ফের বিজেপির পক্ষেই রায় দেবেন। তিনি আরও জানান, বিধায়ক থাকাকালীন তিনি কখনও ধর্ম বা জাতির ভিত্তিতে ভেদাভেদ করেননি এবং সমাজের সব শ্রেণির মানুষের জন্য সমানভাবে কাজ করেছেন।

এদিন এলাকার ট্রাফিক সমস্যা নিয়েও সরব হন তিনি। হট্টন রোডে টোটো চালকদের যত্রতত্র গাড়ি দাঁড় করানো প্রসঙ্গে তিনি বলেন, এই সমস্যা মেটাতে তিনি মেয়র বিধান উপাধ্যায়ের কাছে টোটোর জন্য আলাদা পার্কিং তৈরির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, গত ১৫ বছর ধরে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের কারণে আসানসোলসহ গোটা পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে।

দামোদর নদের ওপর সেতু নির্মাণের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, বিজেপি কেবল প্রতিশ্রুতি দেয় না, তা পূরণও করে। দেশের ২১টি রাজ্যে বিজেপি সরকার রয়েছে এবং সেখানে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের দৌলতে দ্রুত উন্নয়ন হচ্ছে। বাংলার সার্বিক অগ্রগতির জন্য বিজেপিকে ক্ষমতায় আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সবশেষে, আসানসোল দক্ষিণের ভোটারদের কাছে বিজেপিকে পুনরায় সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, অন্য দলগুলি কেবল প্রতিশ্রুতি দিলেও বিজেপি কাজে বিশ্বাসী।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande