
ঝাড়গ্রাম, ১৬ এপ্রিল (হি.স.): কুর্মি সমাজের সত্যিকারের দাবি তৃণমূলের কাছেই সুরক্ষিত, কোনও সুযোগসন্ধানী নেতার কাছে নয়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার কুলটিকরি এসসি হাই স্কুল মাঠের জনসভা থেকে এই ভাষাতেই বিরোধীদের আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এই সভায় বক্তব্যের শুরুতেই তিনি স্থানীয় কুর্মি ভাবাবেগকে স্পর্শ করেন। তিনি সাফ জানান, কুর্মিদের জাতিসত্তার দাবি নিয়ে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করে সুপারিশ কেন্দ্রে পাঠিয়েছে। বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন, যাঁরা এতদিন এলাকার মানুষের আবেগ নিয়ে অরাজনৈতিক আন্দোলনের কথা বলতেন, আজ তাঁরাই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে বিজেপির শরণাপন্ন হয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি জঙ্গলমহলে কুর্মি এবং আদিবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে অশান্তি পাকাতে চাইছে।
এদিন কুলটিকরির এই সভা থেকেই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বিজেপি শাসিত কোনও রাজ্যে এতজন মহিলাকে মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ক্ষমতা নেই, অথচ তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। পাশাপাশি আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তিনি ঘোষণা করেন, দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকারই এলাকার অসহায় মানুষের পাকা বাড়ি তৈরির দায়িত্ব নেবে। ১০০ দিনের কাজের বকেয়া মেটানো এবং কৃষি সহায়তার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ