আগরতলায় নিকাশী ও জল পরিশোধন প্রকল্প পরিদর্শনে রাজ্যপাল, পরিচ্ছন্ন শহর গড়ার ওপর জোর
আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.): ত্রিপুরায় নগর পরিকাঠামো ও পরিবেশ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম খতিয়ে দেখতে বৃহস্পতিবার আগরতলার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি আখাউড়া রোডস্থিত সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এ
বিভিন্ন প্রকল্প দেখলেন রাজ্যপাল


আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.): ত্রিপুরায় নগর পরিকাঠামো ও পরিবেশ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম খতিয়ে দেখতে বৃহস্পতিবার আগরতলার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি আখাউড়া রোডস্থিত সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি), চাঁন্দনিমুড়ায় অবস্থিত আরেকটি এসটিপি ও মেটেরিয়াল রিকোভারি ফ্যাসিলিটি (এমআরএফ), এবং উষাবাজারের জল পরিশোধনাগার প্রকল্প ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, আগরতলা একটি মর্যাদাপূর্ণ শহর। শহরবাসীর জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি বিশেষভাবে শহরের পুকুরগুলির গভীরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যাতে জল সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়।

দিনের শুরুতে রাজ্যপাল ফায়ার ব্রিগেড চৌমুহনিতে পৌঁছালে আগরতলা পুর নিগমের কমিশনার সাজু বাহিদ তাঁকে স্বাগত জানান। সেখানে আখাউড়া খালের সঙ্গে সংযুক্ত স্টর্মওয়াটার ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এরপর তিনি আখাউড়া রোডের সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও সিউয়েজ পাম্পিং স্টেশন পরিদর্শন করে প্রকল্পের কার্যপ্রণালী ও সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে চাঁন্দনিমুড়ায় অবস্থিত এসটিপি ও মেটেরিয়াল রিকোভারি ফ্যাসিলিটি পরিদর্শন করেন রাজ্যপাল। সেখানে বর্জ্য পৃথকীকরণ ও প্রক্রিয়াকরণ—বিশেষত প্লাস্টিক, পলিথিন ও কাঁচের বোতল পুনর্ব্যবহার—সম্পর্কে তাঁকে বিশদে জানানো হয়। পরিবেশ রক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরা হয় এই পরিদর্শনে।

এরপর রাজ্যপাল অমরুত প্রকল্পের অধীনে নির্মিত উষাবাজারস্থিত ৮ এমএলডি ক্ষমতাসম্পন্ন জল শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন। ত্রিপুরা জল বোর্ড পরিচালিত এই প্রকল্প থেকে আগরতলা পুর নিগমের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। বর্তমানে প্রায় ৩,৯৪৭টি পরিবার এই প্রকল্পের আওতায় জল সংযোগ পেয়েছে। জল বোর্ডের সিইও মিহির কান্তি গোপ পরিশোধন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক রাজ্যপালকে তুলে ধরেন।

পরিদর্শনের অংশ হিসেবে প্ল্যান্টের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের পরিচ্ছন্নতা রক্ষায় বিশেষ অবদানের জন্য কয়েকজন সাফাই কর্মচারীকে সম্মানিত করেন রাজ্যপাল।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু বাহিদ, ত্রিপুরা জল বোর্ডের সিইও মিহির কান্তি গোপ এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও এস নায়েক সহ অন্যান্য আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande