
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): সকালের পরে, বৃহস্পতিবার বিকালে ফের সল্টলেকে দুর্ঘটনা। তাতে আহত হয়েছেন এক ব্যক্তি। এ দিন বিকালে সল্টলেকের বিডি ব্লক সংলগ্ন রাস্তায় দুর্ঘটনাটি হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এক মহিলা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। বিডি ব্লক সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ধাক্কা মারার পরে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে ওই গাড়ি। ছিটকে পড়েন তিনি। তাঁর মাথা ফেটে যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরেও সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ দিন ভোর ৫টা নাগাদ সল্টলেকে অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে যায় একটি এসইউভি গাড়ি। ভেঙে পড়ল লাইটপোস্ট। জখম এক মহিলা-সহ মোট চারজন। দুর্ঘটনাটি ঘটে সল্টলেক থেকে নিউটাউন যাওয়ার রাস্তায়, উইপ্রো মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড গতিতে এসে গাড়িটি প্রথমে একটি অ্যাপ ক্যাবকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি রাস্তার পাশে থাকা ডিভাইডারের উপর উঠে যায়। লাইট পোস্টে এবং একটি গাছেও ধাক্কা মারে। তাতে জখম হন গাড়িতে থাকা এক মহিলা এবং তিনজন পুরুষ। দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আহতদের উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়। এর জেরে সল্টলেক থেকে নিউটাউনগামী রাস্তায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ