
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার কলকাতায় প্রকাশ পেল ‘যুবশক্তি ভরসা কার্ড’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক টেনিস তারকা তথা বিজেপি নেতা লিয়েন্ডার পেজ এবং আন্তর্জাতিক মুষ্টিযোদ্ধা বিজেন্দ্র সিং।
রাজ্য বিজেপি-র তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ দিশা দেখানো হলো। অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রীড়া জগতের দুই গর্ব—লিয়েন্ডার পেস এবং বিজেন্দ্র সিংয়ের উপস্থিতি এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে স্পষ্টভাবে জানানো হয় যে, ‘যুবশক্তি ভরসা কার্ড’ শুধুমাত্র একটি প্রকল্প নয়। বরং এটি যুব সমাজের প্রতি এক দৃঢ় প্রতিশ্রুতি—তাদের পাশে থাকার, তাদের ভবিষ্যৎ গড়ার এবং তাদের আত্মনির্ভর করে তোলার এক অঙ্গীকার। এই ‘কার্ড’-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বেকার যুবকদের আর্থিক সহায়তা, স্টার্ট আপে সহায়তা এবং দক্ষতা উন্নয়নের মতো একাধিক বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়।
বক্তারা একসুরে জানান, পশ্চিমবঙ্গের যুব সমাজই আগামী দিনে পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলেই রাজ্য উন্নয়নের পথে এগিয়ে যাবে। এই কর্মসূচি পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য এক নতুন আশার সূচনা বলে মনে করা হচ্ছে”।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত