
উত্তর ২৪ পরগনা, ১৬ এপ্রিল (হি.স.): ঝড়ের দাপটে বিপর্যস্ত হল গ্রাম। বৃহস্পতিবার দুপুরে প্রবল ঝড় শুরু হয় উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের বয়রা পঞ্চায়েত এলাকায়। প্রায় ত্রিশ মিনিট ধরে চলা এই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের জেরে বয়রা পঞ্চায়েতের বাকসা, মামাভাগিনা, কুরুলিয়া, মালিদা ও রামনগর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কাঁচা ও পাকা বাড়ির চাল উড়ে গিয়েছে, ভেঙে পড়েছে ঘরের অংশবিশেষ। শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। পাশাপাশি ঝড়ের দাপটে একাধিক গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে বলেও জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ