
ইমফল, ১৬ এপ্রিল (হি.স.) : মণিপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগে এক পুলিশকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, ইবুঙ্গো এনগ্যাঙ্গম নেতৃত্বাধীন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি’র সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে হাবিলদার এলাংবাম সুরজিৎ সিংহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্রটি জানিয়েছে, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ এপ্রিল থউবাল জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানায়, হাবিলদার এলাংবাম সুরজিৎ সিংহকে কাকচিং সিডিও-য় কর্মরত ছিলেন। গ্ৰেফতারের পর রাজ্য ও কেন্দ্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা টানা জেরা করেন সুরজিৎকে। জেরা চলাকালীন সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।
সুরজিৎ সিংহের বিরুদ্ধে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে পুলিশের সূত্রটি জানিয়েছে, পুলিশ বাহিনীর মধ্যে সততা রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনও কর্মী অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস