
সুরজপুর, ১৬ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের সুরজপুর-সরগুজা সীমান্তের কোটবাহরা গ্রামে দাঁতাল হাতির হামলায় মৃত্যু হলো এক যুবকের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার গভীর রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে ২৮ বছর বয়সি কেশব নামে এক যুবক হাতির আক্রমণের শিকার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক আচমকা হাতির সামনে এসে পড়ায় হাতিটি প্রথমে শুঁড় দিয়ে কেশবকে আছড়ে ফেলে এবং পরে পায়ের তলায় পিষে দেয়। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে অম্বিকাপুর-প্রতাপপুর সড়কে মৃতদেহ রেখে অবরোধ শুরু হয়। এর ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা প্রশাসন ও বন দফতরের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষতিপূরণের এবং মন্ত্রী লক্ষ্মী রাজওয়াড়েকে ঘটনাস্থলে আসার দাবি জানায়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন সুরজপুরের এসডিএম শিবানী জয়সওয়াল ও এসডিওপি অভিষেক পাইক। দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের তরফে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ সহায়তা এবং ১৫ দিনের মধ্যে ৬ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি মৃতের স্ত্রীকে বন উন্নয়ন কমিটিতে চাকরি এবং সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এরপর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
বন দফতর জানিয়েছে, প্রতাপপুর এলাকায় ঘুরে বেড়ানো সাতটি হাতির মধ্যে একটি হাতি পথভ্রষ্ট হয়ে কোটবাহরা গ্রামে ঢুকে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস