
কলকাতা, ১৬ এপ্রিল, (হি.স.): একের পর এক অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান। ভোটের এক সপ্তাহ আগে, বুধবার সন্ধ্যায় এই ঘটনায় উদ্বেগ দেখা দেয় কোচবিহারে। কী কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়লেন একসঙ্গে, বিস্তারিত জানতে চেয়ে রিপোর্ট চায় নির্বাচন কমিশন। উত্তর পেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
সিইও দফতর সূত্রে খবর, বক্সিরহাট থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের সালবাড়ি ২, তালিগুড়ি হাই স্কুলে মোতায়েন থাকা ‘অ্যাডহক-৬০১, সি কোম্পানি’-র ১৪ জন কর্মী পেটখারাপ ও শরীরে ব্যথার অভিযোগ করেছিলেন। তাঁদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ১০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং ৪ জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়।
‘অ্যাডহক ৬০১, আইটিবিপি’-র মেডিকেল অফিসার (এমও) রোগীদের সঙ্গে ছিলেন। পরে কোচবিহারের ডিএফসিও তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। জওয়ানরা সোমবার অসমের নগাঁও থেকে কোচবিহারে আসেন। অনুমান করা হচ্ছে যে, দীর্ঘ সড়কযাত্রায় শরীরের জলশূন্যতা এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের দূষিত জলে রান্না করা খাবারের জন্য তাঁদের শরীর খারাপ হয়।
এখন সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অসামরিক প্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে পানযোগ্য জল সরবরাহ করছে। ভর্তি হওয়া ৩ জন জওয়ানের বর্তমান অবস্থা স্থিতিশীল এবং বৃহস্পতিবারই তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে। ইউনিটে কর্মরত অস্থায়ী মেডিকেল অফিসারও তাঁদের অবস্থা পর্যবেক্ষণ করছেন।
সূত্রের খবর, বুধবার দুপুরে খাওয়ার পর থেকেই পেটে ব্যথা ও বমি শুরু হয় অনেকের। মুহুর্তেই বেশ কয়েকজন জওয়ান অসুস্থ হয়ে পড়েন। তাঁদের তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত