
আসানসোল, ১৬ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলের বরাবনি কেন্দ্রের আঁচড়া গ্রামে বিজেপির জনসভায় যোগ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার তিনি বিজেপি প্রার্থী অর্জিত রায়ের সমর্থনে প্রচার করেন এবং ভোটারদের কাছে তাঁর পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।সভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, বাংলার মাটি যুগের পর যুগ ধরে ভারতের প্রেরণার উৎস। তাঁর দাবি, এই বাংলাই দেশকে জাতীয় সঙ্গীত ও জাতীয় গান উপহার দিয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ-সহ বহু মহাপুরুষের জন্মভূমি এই বাংলা—এ নিয়েও তিনি গর্ব প্রকাশ করেন।অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, রাজ্যে সন্ত্রাস, দুর্নীতি ও মাফিয়াতন্ত্র বেড়েছে। বালি, কয়লা ও জমি মাফিয়ার মাধ্যমে ‘সিন্ডিকেট রাজ’ চলছে বলেও দাবি করেন তিনি।যোগী আদিত্যনাথ বলেন, “ডাবল ইঞ্জিন” সরকার এলে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আইনশৃঙ্খলার উন্নতি ঘটবে। সভা শেষে তিনি অর্জিত রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়