দুর্গাপুরে ‘সাপ-লুডু’ দিয়ে তৃণমূলের অভিনব প্রচার, কটাক্ষ বিজেপির
দুর্গাপুর, ১৬ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে দুর্গাপুরে এক অভিনব প্রচার কৌশল নিয়ে হাজির হলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ইস্পাত নগরীর রামকৃষ্ণ অ্যাভিনিউ এলাকার ৯ নম্বর ওয়ার্ডে ‘সাপ-লুডু’ খেলাকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে রাজনৈতি
সাপ লুডু


দুর্গাপুর, ১৬ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে দুর্গাপুরে এক অভিনব প্রচার কৌশল নিয়ে হাজির হলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ইস্পাত নগরীর রামকৃষ্ণ অ্যাভিনিউ এলাকার ৯ নম্বর ওয়ার্ডে ‘সাপ-লুডু’ খেলাকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।​তৃণমূল কর্মীরা পথচলতি মানুষ ও গাড়িচালকদের হাতে বিশেষভাবে তৈরি লুডু বোর্ড তুলে দিচ্ছেন। ওই বোর্ডে সাপের মুখে কার্টুন আকারে বিজেপির শীর্ষ নেতাদের ছবি বসানো হয়েছে। অন্যদিকে, মই বা সিঁড়ির ঘরগুলিতে চিত্রায়িত করা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক প্রকল্প। প্রচারকে আরও আকর্ষণীয় করতে সাধারণ মানুষকে ঠান্ডা পানীয়ও দেওয়া হচ্ছে।​তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাগ জানান, খেলাচ্ছলে এই প্রচার সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে অত্যন্ত কার্যকরী হচ্ছে। তাঁদের দাবি, এর মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও রাজ্যের উন্নয়নের পার্থক্য স্পষ্ট করা হচ্ছে।​অন্যদিকে, বিজেপি এই প্রচারকে তীব্র কটাক্ষ করেছে। গেরুয়া শিবিরের জেলা নেতৃত্বের দাবি, এই ধরনের নিম্নরুচির প্রচারে মানুষের মন জয় করা সম্ভব নয়। সব মিলিয়ে, দুর্গাপুরের নির্বাচনী ময়দানে ‘সাপ-লুডু’ এখন এক চর্চিত রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande