
ইমফল, ১৬ এপ্রিল (হি.স.) : আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজ্যের পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট ও ডাটা পরিষেবা স্থগিতাদেশ আরও দুদিনের জন্য বাড়িয়েছে মণিপুর সরকার।
রাজ্যপালের নামে গৃহ দফতরের কমিশনার-সচিব এন অশোক কুমার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ইমফল পশ্চিম, ইমফল পূর্ব, থউবাল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় এই নিষেধাজ্ঞা ১৬ এপ্রিল (আজ বৃহস্পতিবার) বেলা ২-টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত বলবৎ থাকবে।
রাজ্য সরকার জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ও ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সব গুজব জনসমাগম বাড়াতে, অশান্তি উসকে দিতে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি করতে পারে।
গৃহ দফতর আরও জানিয়েছে, যদিও ব্রডব্যান্ড পরিষেবা আগে শর্তসাপেক্ষে নিয়ন্ত্রিতভাবে চালু করা হয়েছে, তবুও ভিপিএন পরিষেবা সহ মোবাইল ইন্টারনেট স্থগিত রাখা জরুরি। কারণ এর অপব্যবহার রোধে পর্যাপ্ত প্রযুক্তিগত সুরক্ষা এখনও নিশ্চিত করা যায়নি।
এই নির্দেশটি টেম্পরারি সাসপেনশন অব টেলিকমিউনিকেশন সার্ভিসেস রুলস, ২০২৪-এর অধীনে জারি করা হয়েছে এবং কর্তৃপক্ষ সতর্ক করেছে, নিষেধাজ্ঞাটি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার জানিয়েছে, জনসচেতনতার জন্য এই নির্দেশ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস